সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা, অবগত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
পশ্চিম তীরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা, অবগত যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে এক ফিলিস্তিনি-মার্কিন যুবকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, শুক্রবার সন্ধ্যায় রামাল্লার উত্তরে সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় সাইফ আল-দিন কামেল আবদুল করিম মুসাল্লাত ( বয়স ২০-এর কোঠায়) নিহত হন। তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই হামলায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তি ছিলেন ফ্লোরিডার টাম্পার বাসিন্দা।আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেতের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, ‘তিনি একেবারেই নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

ওয়াশিংটন পোস্টের খবরে মুসাল্লাতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আবদুল করিম মুসাল্লাত ফ্লোরিডার টাম্পা শহরের বাসিন্দা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

একজন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তা আরো জানান, একই এলাকায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। 

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে আমরা অবগত। তবে ভুক্তভোগী পরিবারের গোপনীয়তা ও শ্রদ্ধার খাতিরে এ বিষয়ে আপাতত আর কিছু বলা হবে না।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, সিনজিল শহরে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে পাথর ছোড়ার পর ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের সংঘর্ষ শুরু হয়, যাতে কয়েকজন ইসরায়েলি সামান্য আহত হন। ঘটনাস্থলে সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘অপ্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।

২০২৩ সালের শেষ দিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। গত কয়েক বছরে ফিলিস্তিনি হামলায় বহু ইসরায়েলিও নিহত হয়েছেন, এবং পাল্টা ব্যবস্থা হিসেবে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানও বেড়েছে।

পশ্চিম তীরে বিগত সময়ে যেসব মার্কিন নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ, কিশোর ওমর মোহাম্মদ রাবেয়া এবং তুর্কি-মার্কিন মানবাধিকারকর্মী আয়সেনুর ইজগি আয়গি। জাতিসংঘের শীর্ষ আদালত ২০২৩ সালে জানায়, পশ্চিম তীরসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারি ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সেগুলো যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা উচিত।

তবে ইসরায়েল এই অবস্থান মানতে নারাজ। তারা দাবি করে, ঐতিহাসিক ও ধর্মীয় (বাইবেলভিত্তিক) কারণে এই ভূখণ্ডে তাদের অধিকার রয়েছে। পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান দাবিকৃত অঞ্চলগুলোর অন্যতম। এ হত্যাকাণ্ড সেই অঞ্চলজুড়ে চলমান দখল, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্রকে আরো একবার সামনে নিয়ে এসেছে।