সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কিয়েভে নতুন করে মারাত্মক রুশ ড্রোন হামলা

নিউজ ডেস্ক১০ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
কিয়েভে নতুন করে মারাত্মক রুশ ড্রোন হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলাকে ইউক্রেন সরকার এখন পর্যন্ত সবচেয়ে বড় রাশিয়ান বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে।

কিয়েভ শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। শহরের বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা গাড়ি, গুদামঘর ও অফিস ভবনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ‘আবাসিক ভবন, গাড়ি, গুদামঘর, অফিস এবং অন্যান্য অবাসযোগ্য ভবনে আগুন ধরে গেছে।’ আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শহরের পডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিটসকো।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানান, হামলায় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা এবং মেট্রো স্টেশনের কাছে কর্তব্যরত ২২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হন। রাতে তিন ঘন্টার বেশি সময়জুড়ে কিয়েভে বিস্ফোরণ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজ এবং ড্রোনের গর্জনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে, যদিও সেগুলো এখনো বিবিসির পক্ষ থেকে যাচাই করা হয়নি।মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা এই আক্রমণে ইউক্রেন জানায়, একযোগে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে কিয়েভের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলার খবর নিশ্চিত করে সামরিক কর্তৃপক্ষ। এখনো শহরের বাইরের কোনো অঞ্চলে হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সিটি প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের বলা হয়েছে, সতর্কতা সংকেত শেষ না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকা এবং ঘরে ফেরার পর জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। এই হামলা আবারও মনে করিয়ে দিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান এখন কতটা দূরের বিষয়।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ বুধবার বলেছেন, ‘কূটনীতির সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে।’ রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই ধরনের মন্তব্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ‘পুতিন আমাদের অনেক ‘বুলশিট’ দিচ্ছেন।

তিনি সব সময় আমাদের সঙ্গে খুব ভদ্রভাবে আচরণ করেন, কিন্তু সেটার কোনও বাস্তব মূল্য নেই।’পেসকভ এর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা খুব শান্তভাবে এটি দেখছি। ট্রাম্পের কথাবার্তার ধরন সবসময়ই কিছুটা তীব্র হয়।’

ট্রাম্প অতীতে দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি একদিনেই থামাতে পারবেন, তবে এতদিনেও সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পায়নি। যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় পশ্চিমা মিত্রদের ফোকাস এখন ইউক্রেনকে সুরক্ষা দেওয়া এবং রাশিয়ার ওপর চাপ বাড়ানো। ইউরোপ একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করছে।

এই ইস্যুগুলো নিয়ে বৃহস্পতিবার থেকে রোমে ৭৭টি দেশের অংশগ্রহণে ইউক্রেনের পুনর্গঠন নিয়ে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। সেখানে ইউক্রেনের আকাশসীমা রক্ষার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মালয়েশিয়ায় একটি সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন, যার কোনো শেষ এখনো দৃশ্যমান নয়। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন আরও বেশি নিয়মিত, তীব্র ও প্রাণঘাতী হয়ে উঠছে।

সূত্র : বিবিসি