নেপালের সঙ্গে তিব্বতের সংযোগকারী গুরুত্বপূর্ণ মিতেরি সেতু মঙ্গলবার সকালে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে ধসে পড়ে। এর ফলে কৈলাশ মানস সরোবর যাত্রা শেষে দেশে ফেরার পথে থাকা ২৩ জন ভারতীয় তীর্থযাত্রী তিব্বতের গিরোং জেলায় আটকা পড়েছেন। যাত্রীদের মধ্যে ১৫ জন মুম্বাইয়ের এবং বাকিরা দুবাই থেকে আসা।
এই তীর্থযাত্রীদের বেশিরভাগই জানিয়েছেন, মিতেরি সেতু ছিল কাঠমান্ডুতে ফেরার একমাত্র রুট।
এখন তাদের লাসা হয়ে বিকল্প রুটে ফিরে যেতে হলে বিমান খরচ অনেক বেশি পড়বে। পরিস্থিতির গুরুত্ব বুঝে, কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস জানিয়েছে, যেহেতু এই তীর্থযাত্রীরা নেপালের মধ্য দিয়ে গিয়েছিলেন, তাই তাদের ফিরে আসাও নেপালের পথেই হওয়া উচিত। ভূমিধসের কারণে রাস্তা কাটা পড়ায় তারা এখন তিব্বতে আটকে রয়েছেন।
এই তীর্থযাত্রী দলটি ২৬ জুন কাঠমান্ডু পৌঁছান এবং সরকারি কোটায় জায়গা না পেয়ে একটি বেসরকারি ট্রাভেল কম্পানির মাধ্যমে তীর্থে যান। মে মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কম্পিউটারাইজড লটারির মাধ্যমে ৭৫০ জনকে কৈলাশ যাত্রার অনুমতি দেয়। তবে অনেকেই বেসরকারি ব্যবস্থাপনায় নেপাল হয়ে তিব্বতে যান।
তীর্থ শেষে মঙ্গলবার যখন তারা গিরোং সীমান্তে বাসে পৌঁছান, তখন বলা হয় তারা আর এগোতে পারবেন না।
দলটি এখন ১৫০ কিলোমিটার দূরের কোদারি সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন যাতে তারা সেখান দিয়ে ভারতে ফিরতে পারেন। তারা ধারণা করছেন, গিরোংয়ে কমপক্ষে ২০০ জন ভারত, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের তীর্থযাত্রী আটকে আছেন।মুম্বাইয়ের বাসিন্দা ৫৩ বছর বয়সী অ্যাডভোকেট সিমরান জুমানি তার স্বামীর সঙ্গে এই যাত্রায় গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা সকাল ৫টায় গিরোং সীমান্তে পৌঁছাই, কিন্তু আমাদের ফিরিয়ে দেওয়া হয়। কোদারি সীমান্ত দিয়ে যেতে দেওয়া হয়নি।
এখন যদি লাসা হয়ে ফিরতে চাই, ব্যাপক মাত্রায় বিমান ভাড়া গুনতে হবে আমাদের। আমরা ইতোমধ্যে চীনা ও ভারতীয় দূতাবাস, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছি। কিছুক্ষণ আগে নেপালের ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে। তারা জানিয়েছে, উদ্ধার কাজ দ্রুত করতে নেপালি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’দলের আরেক সদস্য, ৫০ বছর বয়সী দুবাইয়ের বাসিন্দা একতা দেশাই জানান, যাত্রার মধ্যেই তিনি জানতে পারেন তার শ্বশুর মারা গেছেন। তিনি বলেন, ‘আমার পরিবার অন্ত্যেষ্টির জন্য আমার অপেক্ষায়, কিন্তু আমি যেতে পারছি না। অন্তত আমাদের গ্রুপ ভিসা ভাগ করে দেওয়া হোক যাতে যারা তাড়াতাড়ি যেতে চায়, তারা ফিরতে পারে। আমি আতঙ্কিত ও ভেঙে পড়েছি।’
৫৩ বছর বয়সী দুবাইয়ের বাসিন্দা বিনোদ কুমার ভ্যায়াস বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমরা জানি না কীভাবে বা কবে এখান থেকে ফিরতে পারব। কোদারি সীমান্তে যেতে চেয়েছিলাম, কিন্তু শোনা যাচ্ছে সেখানেও ভূমিধস হয়েছে। এখন আমরা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এক্সিট পারমিট-এর অপেক্ষায় আছি, যা ভারত সরকারের সহায়তা ছাড়া সম্ভব নয়। সেখান থেকে কাঠমান্ডু যেতে সাড়ে তিন ঘণ্টার পথ।’
মুম্বাইয়ের ৬১ বছর বয়সী শীষু যাদব তার মেয়ের সঙ্গে যাত্রায় গিয়েছিলেন। তিনি বলেন, ‘বন্যার সময় গিরোংয়ে না থাকাটা আমাদের সৌভাগ্য। তবে এখনকার অবস্থা আরো ভয়াবহ। আমি ও আমার মেয়ে শুধুই দেশে ফিরতে চাই।’
তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া কাঠমান্ডু-ভিত্তিক ট্রাভেল এজেন্সি-এর ব্যবস্থাপনা পরিচালক জিতেন্দ্র শাহী জানান, ‘আমাদের দলের ২৩ জন সদস্যই গিরোংয়ে নিরাপদে আছেন, তবে তারা এখান থেকে বের হতে পারছেন না।’
তীব্র বৃষ্টিপাতের কারণে ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয় এবং তাতে মিতেরি সেতু ধসে পড়ে। এতে অন্তত একজন মারা গেছেন এবং ১৮জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালেই এই দুর্যোগে নেপাল-তিব্বত সীমান্ত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ২০২০ সালের করোনা মহামারি ও পরে লাদাখ সীমান্তে ভারত-চীন সামরিক উত্তেজনার কারণে বন্ধ হয়ে যাওয়া কৈলাশ মানস সরোবর যাত্রা পাঁচ বছর পর ২০২৪ সালের জুনে পুনরায় চালু হয়।