সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ব্ল্যাকমেইল করে ২.৫ কোটি রুপি আত্মসাৎ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের আত্মহত্যা

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
ব্ল্যাকমেইল করে ২.৫ কোটি রুপি আত্মসাৎ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার ৩২ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার মৃত্যুর  দুই দিন পর ভাকোলা পুলিশ এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

দুইজনেই নিজেদের মডেল ও অভিনয় করেন বলে দাবি করেছেন।পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী অভিযুক্ত পুরুষ ১৮ মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। পরে তার ২২ বছর বয়সী নারী বন্ধু গোপনে ভুক্তভোগীর সঙ্গে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। আত্মহত্যা করা ওই ব্যক্তির কাছ থেকে ২.৫ কোটি রুপির বেশি রুপি হাতিয়ে নেয় অপরাধীরা।

অভিযুক্ত দুইজনই অন্ধেরির ওশিওয়ারা এলাকায় থাকেন।মৃতের মা হিন্দুস্তান টাইমসকে বলেন, গত এক মাসে অভিযুক্ত দুইজন তিনবার রাতের বেলা তাদের বাড়িতে এসেছিলেন এবং তার ছেলেকে মানসিকভাবে হেনস্তা করেন। তিনি বলেন, ‘মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলত, আমার ছেলের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করে দেবে। আমি বুঝতেও পারিনি ওরা আমার ছেলেকে এমনভাবে নির্যাতন করছিল, যে কারণে ও আত্মহত্যা করে বসবে।

তিনি আরো জানান, গত ছয় মাসে অভিযুক্তরা তার ছেলের কাছ থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কয়েক কোটি রুপি আদায় করেন। আমার ছেলে কখনো বলেনি তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। কয়েকদিন আগে জানতে পারি, সে আমার গয়না বন্ধক রেখে ওদের রুপি দিয়েছে। আমি তখন জিজ্ঞেস করলে জানায়, ওরা ওকে হেনস্তা করছে, তবে ও এটাও বলেনি যে অফিসের রুপিও ওদের দিয়ে দিয়েছে।’

অভিযুক্ত পুরুষ মৃতের গাড়ি নিয়ে গিয়ে, তা ফেরত দিতে অস্বীকার করে।

জুন মাসের প্রথম সপ্তাহে যখন নিহত ওই ব্যক্তি পুলিশে অভিযোগ করেন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তবে ভাকোলা পুলিশ দাবি করেছে, মৃত ব্যক্তি তার অভিযোগে ব্ল্যাকমেইল বা হেনস্তার কথা উল্লেখ করেননি। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গাড়ি সংক্রান্ত একটি বিরোধ ছিল, যা আমরা সমাধান করে দিই।’
টানা নির্যাতনের কারণে হতাশ হয়ে শনিবার রাতে বিষ পান করেন ওই ভুক্তভোগী ব্যক্তি। তার মা আশেপাশের লোকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃতের মা তার ঘরে তিনটি সুইসাইড নোট খুঁজে পান। সেখানে বলা হয়েছে, সে বাধ্য হয়ে পারিবারিক সঞ্চয় এবং অফিসের রুপি তুলে অভিযুক্তদের দিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা কম্পানির সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ২.৪৭ কোটি রুপি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।’ সুইসাইড নোটগুলোর একটি ছিল মায়ের উদ্দেশ্যে, একটি অফিসের জন্য এবং তৃতীয়টিতে অভিযুক্তদের নাম উল্লেখ করে তাদের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে।

মৃতের মা জানান, ‘অভিযুক্তরা যখন গত মাসে তাদের বাড়িতে আসে, তখন ছেলেটি প্রচণ্ড মানসিক চাপে পড়ে যান। মেয়েটি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তিনি তার সম্পর্কের কথা ফাঁস করে দেবে এবং তাদের অন্তরঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। ওরা চাইছিল বাইরে গিয়ে দেখা করতে, আমি বাধা দিই। ২০২২ সালে এক দুর্ঘটনায় আমার ছেলের হাতে তিনবার অস্ত্রোপচার হয়, সে ভয় পেত ওরা মারধর করবে।’

মা আরো জানান, তার ছেলে ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন। লকডাউনের সময় ক্যান্সার ধরা পড়ে, আটটি কেমোথেরাপি নেওয়ার পর রিপোর্টে নেগেটিভ আসে বলে তিনি জানান।  মৃতের খালা জানান, ছেলেটি সান্তাক্রুজের একটি স্কুল থেকে এসএসসি শেষ করে খারে একটি মেডিকেল দোকানে কাজ করতেন। পরে একটি কলেজে নিজের খরচে পড়াশোনা করে সিএ পাস করেন। সে খুব সহজ সরল ছেলে ছিল, কারও ক্ষতি করত না। আমি ওকে আমার ছেলের থেকেও বেশি ভালোবাসতাম।’

সূত্র : হিন্দুস্তান টাইমস