নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে থানা হতে লুন্ঠিত পুলিশ কর্তৃক ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৬ জুলাই রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া গ্রামস্থ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি কতিপয় দুষ্কৃতিকারী অতি গোপনীয়তার সাথে লুকিয়ে রেখেছে।

পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানে রাতে অভিযান পরিচালনা করে বালুর স্তূপের ভিতরে পুতে রাখা অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী পিস্তলের ব্যাপারে বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সেটি পুলিশ কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বলে জানান। তবে কোন থানা থেকে লুন্ঠিত তা নিশ্চিত বলা যায়নি। কেননা পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা মাজা ছিল।
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
স/আর









