সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাপান এয়ারলাইনসের একটি ফ্লাইট হঠাৎ ‘তীব্র গতিতে নিচে নামতে’ শুরু করলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পরে ফ্লাইটটির জরুরি অবতরণ করতে হয়।
সাংহাই থেকে টোকিওর উদ্দেশে ১৯১ জন আরোহী ও ক্রুকে নিয়ে যাত্রা করা বোয়িং ৭৩৭ সংস্করণের বিমানটি স্থানীয় সময় সোমবার রাত ৯টার কিছু আগে ওসাকায় জরুরি অবতরণ করে। এর আগে সন্ধ্যায় ১০ মিনিটে জেএল৮৬৯৬/আইজে০০৪ ফ্লাইটটি ২৬ হাজার ফুট নিচে নেমে আসে। ফ্লাইটটি সাশ্রয়ী স্প্রিং এয়ারলাইনস জাপানের সঙ্গে কোডশেয়ার চুক্তির আওতায় পরিচালিত হচ্ছিল।

জরুরি অবতরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তীব্র আতঙ্কের মধ্যে অক্সিজেন মাস্ক ঝুলে পড়ছে। একজন যাত্রী লিখেছেন, ‘আমার শরীর এখন এখানে থাকলেও আত্মা এখনো এসে পৌঁছয়নি। পা এখনো কাঁপছে। জীবন-মৃত্যুর মুখোমুখি হলে সব কিছুই তুচ্ছ মনে হয়।
আরেকজন মন্তব্য করেছেন, ‘সন্ধ্যা ৭টার দিকে প্লেনটি হঠাৎ তীব্র গতিতে নিচে নামতে শুরু করে এবং মাত্র ২০ মিনিটে এটি তিন হাজার মিটারে নেমে আসেএদিকে জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কেবিন প্রেসার নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়। পাশাপাশি ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে জাপান এয়ারলাইনস জানিয়েছে, ‘৩০ জুন ফ্লাইট জেএল৮৬৯৬-এ কেবিন প্রেসারাইজেশন সিস্টেমে একটি ত্রুটি দেখা দেয় এবং একটি অ্যালার্ম অনিয়মিত কেবিন চাপের মাত্রা নির্দেশ করে। জরুরি প্রটোকল অনুসারে ফ্লাইটটি নিরাপদ উচ্চতায় নেমে আসে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘স্পষ্ট করে বলা জরুরি, দ্রুত চাপ হ্রাস ঘটেনি। তবে কেবিনের চাপ হ্রাস পেতে পারে—এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয়। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্পন্ন সুরক্ষা প্রক্রিয়া মেনেই ফ্লাইটটি নিচে নামানো হয়।’
ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি
সূত্র: কালের কণ্ঠ










