রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৫২ মিনিট পড়া
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এক নারীর স্বামীর শরীরে গরম ডাল ঢেলে হত্যাচেষ্টার মামলায় উসকানীদাতা আাসমি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির এক নেত্রীকে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন। শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইতনতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২৩ তারিখ সোমবার ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জেরে তার স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় করা মামলায় তাজকেরাকে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয় শাহনাজ খাতুনকে।

শাহনাজ খাতুনের ভাই শাহ কবীর জানান, শনিবার দিবাগত রাতে হঠাৎ করেই ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাড়িতে দলবল নিয়ে হাজির হন। তারা শাহনাজকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গরম ডাল দিয়ে স্বামীর শরীর ঝলসে দিয়ে হত্যাচেষ্টার মামলায় সাইবুর রহমানের স্ত্রী তাজকেরা খাতুনকে উসকানীদাতা বা ইন্ধনদাতা হিসেবে শাহনাজ খাতুনের সংশ্লিষ্টতা রয়েছে। সেই মামলায় শাহনাজ খাতুন অন্যতম আসামী। আর তাই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স.আর