সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানে পারমাণবিক কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ

নিউজ ডেস্ক২৪ জুন ২০২৫৩ মিনিট পড়া
ইরানে পারমাণবিক কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বহু বছর ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পশ্চিমা বিশ্বের চোখে এটি একটি সম্ভাব্য অস্ত্রায়নের হুমকি। কিন্তু ইরানের চোখে এটি একান্তই পরিচয়, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। প্রায়শই প্রশ্ন ওঠে — তেলের ভান্ডারে সমৃদ্ধ একটি দেশ কেন পারমাণবিক কর্মসূতিতে এতটা মরিয়া? উত্তর লুকিয়ে আছে ইরানের ইতিহাস, আত্মমর্যাদার অনুভব, বহির্বিশ্বের সঙ্গে তার দ্বন্দ্বময় সম্পর্কের ভেতর। এটি শুধু জ্বালানির উৎস নয়, বরং এক গভীর ঐতিহাসিক আঘাতের প্রেক্ষাপটে গড়ে ওঠা আত্মপরিচয়ের প্রতীক। দ্য গার্ডিয়ান।

ঐতিহাসিক শোষণ ও স্বাধীনতা

ইরানের আধুনিক ইতিহাস নানা রকম বিদেশি হস্তক্ষেপে রঞ্জিত। বিশেষ করে ১৯৫৩ সালে মার্কিন-ব্রিটিশ ষড়যন্ত্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক মোহাম্মদ মোসাদ্দেকের পতন ছিল গভীরভাবে আঘাতকারী। তিনি ইরানের তেল সম্পদ জাতীয়করণের চেষ্টা করেছিলেন। যা পশ্চিমা শক্তির কাছে অগ্রহণযোগ্য ছিল। এরপর থেকে ‘স্বাধীনতা’ ইরানিদের মানসিকতায় পরিণত হয় একটি মৌলিক চেতনা হিসাবে। ১৯৭৮ সালে, প্যারিসের শহরতলিতে ইরানের বিপ্লবী আন্দোলনের দুই পথিকৃৎ-ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং উদারপন্থি জাতীয় ফ্রন্টের নেতা করিম সানজাবি একটি ঐতিহাসিক বৈঠকে বসেন। সানজাবির খসড়া ঘোষণাপত্রে ছিল দুইটি মূলনীতি— গণতন্ত্র ও ইসলাম। খোমেনি সেখানে নিজ হাতে একটি তৃতীয় স্তম্ভ যোগ করেন ‘স্বাধীনতা’। পারমাণবিক কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়ায়।

আত্মপরিচয়, সম্মান ও মর্যাদা

বহির্বিশ্ব যখন প্রশ্ন তোলে, একটি তেলের সমৃদ্ধ দেশ কেন নিজস্ব পরমাণু জ্বালানি চায়? তখন ইরান এর উত্তরে স্মরণ করিয়ে দেয় তার অতীত। শাহ মোহাম্মদের মোসাদ্দেকের আমলে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ শুরু হয়। ১৯৭৪ সালে শাহ মোহাম্মদ বলেছিলেন, ইরান একদিন পারমাণবিক অস্ত্র অর্জন করবে। এটি পরে অস্বীকার করা হলেও পশ্চিমা জগৎ সন্দিগ্ধ হয়ে ওঠে।

পরবর্তীতে এ কর্মসূচি বাতিল করলেও, বিদ্যুৎ সংকট, ইরান-ইরাক যুদ্ধ এবং আন্তর্জাতিক অসমতা সব মিলিয়ে এই প্রকল্প আবার ফিরিয়ে আনে ইরান। তখন থেকে এই কর্মসূচি আর পশ্চিমা আধুনিকতার প্রতীক নয়, বরং হয়ে ওঠে দেশপ্রেমের মূর্ত প্রতীক।

পশ্চিমা বিশ্বাসভঙ্গ ও প্রতিক্রিয়া

২০১৫ সালে ওবামা প্রশাসনের অধীনে জেসিপিওএ চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র-ইরান। যার মাধ্যমে ইরানকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়া। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি বাতিল করে দেন। তখন থেকেই ইরানে একটি বিশ্বাসের জন্ম নেয়, পশ্চিমা বিশ্ব কখনোই তাদের সম্মান করবে না, বরং দুর্বল দেখলেই শাস্তি দেবে। এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়া হিসাবে ইরান নিজের সক্ষমতা দেখাতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং পারমাণবিক প্রযুক্তির ওপর জোর দেয়। এরপর তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ৩.৬৭ শতাংশ সীমা অতিক্রম করে ৬০ শতাংশে পৌঁছেছে।

সামরিক ও কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা

যদিও ইরান বলে তারা পারমাণবিক অস্ত্র চায় না (এমনকি সুপ্রিম লিডার খামেনি একে ইসলামবিরোধী বলেছেন), তবু অনেকে মনে করেন, এই প্রযুক্তি ইরানের আঞ্চলিক অবস্থানকে শক্তিশালী করে। এটি একপ্রকার আত্মরক্ষামূলক কৌশল। বিশেষত যখন প্রতিবেশী দেশগুলো যেমন ইসরাইল নিজে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে। ইরানের পরমাণু কর্মসূচি এই শব্দবন্ধ এখন বিশ্ব রাজনীতিতে বিভাজনের রেখা। এটিকে কেউ দেখেন হুমকি হিসাবে, কেউ দেখেন প্রতিরোধ হিসাবে। কিন্তু ইরানের চোখে এটি একটি অসমাপ্ত ইতিহাসের জবাব।

প্রশ্ন থেকেই যায়, এই পরমাণু কর্মসূচি কি ইরানকে শেষ পর্যন্ত নিরাপত্তা দিয়েছে, নাকি এনে দিয়েছে নতুন যুদ্ধের ঝুঁকি? সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা, আর্থিক নিষেধাজ্ঞা, বৈশ্বিক কোণঠাসা অবস্থা— সব মিলিয়ে এই পথ কি আত্মঘাতী হয়ে দাঁড়ায়নি? বরাবরই একই উত্তর ইরানের — এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক। দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘এই পরমাণু কর্মসূচি আমাদের জাতীয় পরিচয় ও মর্যাদার প্রতীক। এ ছাড়া কেউ আমাদের গুরুত্ব দেবে না, কেউ আমাদের শ্রদ্ধা করবে না।’

 

সূত্র: যুগান্তর