সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দালাই লামার জন্মদিনে দিবস ঘোষণার প্রস্তাব

নিউজ ডেস্ক২৪ জুন ২০২৫২ মিনিট পড়া
দালাই লামার জন্মদিনে দিবস ঘোষণার প্রস্তাব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ৬ জুলাই ‘সহানুভূতি দিবস’ ঘোষণার প্রস্তাব জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই সদস্য।

এ বিষয়ে কংগ্রেসের অধিবেশনে একটি প্রস্তাব উপস্থাপন করেছেন তারা। ওই প্রস্তাবে তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ৬ জুলাই ‘সহানুভূতি দিবস’ ঘোষণার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য মাইকেল ম্যাককল এবং জিম ম্যাক গভার্ন।

সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের এক্স-এ শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে কংগ্রেস প্রতিনিধি ম্যাককল বলেন, দালাই লামা আজীবন শান্তি-সহানুভূতির উদাহরণ দেখিয়েছেন। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) নির্যাতনের সময়ও।

গত বছর ধর্মাশালায় দালাই লামার সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তিব্বতি মানুষদের অধিকার এবং শান্তিপূর্ণভাবে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানান তিনি।

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাই লামা। এ বছর ৯০ বছর বয়স হয়েছে তার। মৃত্যুর পূর্বে তিব্বতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি চীন। বেইজিং আশাবাদী, দালাই লামা ‘সঠিক পথে ফিরবেন’।

১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বর্তমান দলাই লামাকে চীন ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়ে আসছে।

 

সূত্র: যুগান্তর