সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানে ইসরাইলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত কিনা, জানালেন রুবিও

নিউজ ডেস্ক১৩ জুন ২০২৫২ মিনিট পড়া
ইরানে ইসরাইলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত কিনা, জানালেন রুবিও

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের বিরুদ্ধে চালানো ইসরাইলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলাকে তিনি ইসরাইলের ‘একতরফা পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। খবর রয়টার্সের।

মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে, ইসরাইল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই- মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয় ইরানের।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল ওয়াশিংটনকে বলেছে যে, তাদের পদক্ষেপ ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল।’

এদিকে ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিসহ দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের এক পরমাণু বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন।

ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।

ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর