অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক অস্ত্রসহ আটক

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়া থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক মিনারুল ইসলামকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার সিল্কসিটি নিউজকে জানান, পুলিশের নিয়মিত টহল দল সকালে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল। সে সময় মিনারুল ইসলামকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে একটি দেশীয় তৈরী শার্টার গান উদ্ধার করা হয়।

 
উল্লেখ্য, তার স্ত্রী মেহেরুন নেছা মেরী গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তার নিখোজ স্বামী মিনারুলকে ফেরত দানের দাবী জানান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৩০ জুলাই রাত ৩ টার দিকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
স/শ