দুর্গাপুর প্রতিনিধি:
পাবনা অরনখোলা বাজারে গরু নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাজিদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে এঘটনায় আরোও চার জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে। নিহত সাজিদুর রহমানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের মকসেদ আলীর ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক জানান, কোরবানি ঈদ উপলক্ষে গোপালপুর গ্রামের সাজিদুর রহমানসহ কয়েকজন ব্যক্তি আজ শনিবার ভোর রাতে তাদের পোষা গরু বিক্রির জন্য ভটভুটি গাড়ি যোগে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথেমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে বাগমারা উপজেলার তাহেরপুর কালিমুন্দির সুকুরের মেলের কাছে পৌছালে হঠাৎ করে গাড়িটিতে থাকা গরু ঝাকুনি দিয়ে উঠে। এসময় সাজিদুর ভয়ে ডরে সেই গাড়ি থেকে লাফ দেয়। মুহূর্তের মধ্যে গরু বোঝায় গাড়িটিও উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই গাড়িতে থাকা আরোও চারজন গরু বিক্রেতা গুরুতর আহত হন। আহতরা হলেন, একই গ্রামের সাইফুল ইসলাম, কুদ্দুস, রেজাউল ও আলম । আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
বাজারে গরু নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১ আহত ৪









