সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চীনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে সমালোচনার মুখে হার্ভার্ড

নিউজ ডেস্ক৪ মে ২০২৫২ মিনিট পড়া
চীনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে সমালোচনার মুখে হার্ভার্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন সরকারের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি চীনা আধাসামরিক সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করছেন উইঘুর মানবাধিকার কর্মীরা।

২০২৩ এবং ২০২৪ সালে জিনজিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পসের (এক্সপিসিসি) কর্মকর্তারা হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে চীনকেন্দ্রিক থিংক ট্যাংক স্ট্র্যাটেজি রিস্কস পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে।খবর রেডিও ফ্রি এশিয়ার।

চীনের ন্যাশনাল হেলথ কেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় পরিচালিত এই প্রোগ্রামটি স্বাস্থ্য বীমা এবং জনস্বাস্থ্য নীতি নিয়ে কাজ করে থাকে।

২০২০ সালের জুলাইয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় এক্সপিসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। উইঘুর এবং অন্যান্য তুর্কি সংখ্যালঘুদের জন্য পরিচালিত গণ নজরদারি, অন্তরীণ এবং জোরপূর্বক শ্রম অনুশীলন বাস্তবায়নে সংস্থাটির জড়িত থাকার বিষয়টি তুলে ধরে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ক্যাম্পেইন ফর উইঘুরসের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর সাবরিনা সোহেল বলেন, এক্সপিসিসি কোনো নিরপেক্ষ প্রশাসনিক সত্তা নয়; এটি চীনা কমিউনিস্ট পার্টির আধাসামরিক শাখা।

তিনি সতর্ক করে বলেন, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে হার্ভার্ড গণহত্যার সঙ্গে জড়িত একটি ব্যবস্থাকে বৈধতা দেওয়ার ঝুঁকি নিয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুরদের ওপর নির্যাতনকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন সরকার। ধারণা করা হয়, জিনজিয়াংয়ে প্রায় ১৮ লাখ উইঘুরকে আটক করা হয়েছে।

চীনের জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে আছে চীন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিশিবিরগুলোতে উইঘুরদের ওপর ভয়ংকর নির্যাতন চালাচ্ছে চীন।

তবে চীন সরকার উইঘুরদের উপর চালানো নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উইঘুরদের আটকে রাখা নয়, বরং ক্যাম্পগুলোতে বৃত্তিমূলক শিক্ষা দেয়া হচ্ছে, যা সন্ত্রাসবাদ থেকে মানুষকে দূরে রাখবে এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়াবে বলেই দাবি তাদের।

 

সূত্র: যুগান্তর