সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বকেয়া বেতন আদায়ে কোম্পানির বিরুদ্ধে কর্মীদের অভিযোগ

নিউজ ডেস্ক৩ মে ২০২৫২ মিনিট পড়া
মালয়েশিয়ায় বকেয়া বেতন আদায়ে কোম্পানির বিরুদ্ধে কর্মীদের অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ার কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশের ৪০ জনেরও বেশি কর্মী  অভিযোগ করেছে। মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদান সরবরাহকারী কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিংয়ের বিরুদ্ধে এ অভিযোগ করা হয় বলে জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল।

অ্যান্ডি হলের মতে, শ্রমিকরা বলেছেন- তারা জানুয়ারিতে মাত্র প্রথম কিস্তির এক হাজার রিঙ্গিত পেয়েছেন। এপ্রিলে বকেয়া দ্বিতীয় কিস্তির বেতন এখনো পরিশোধ করা হয়নি। যাদের পোর্ট ক্লাংয়ের কোম্পানির কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করার পর গত ডিসেম্বরে সম্পাদিত একটি চুক্তিতে মোট প্রায় ৩ মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল। কিছু শ্রমিক গত বছর সাত মাস ধরে বেতন ছাড়াই ছিলেন।

৩০ এপ্রিল পোর্ট ক্লাংয়ের শ্রম বিভাগে আবেদনকারী ২২ জন শ্রমিকের একজন মুখপাত্র বলেছেন, তাদের মধ্যে ১২ জন এখনো চাকরিহীন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের কোনো দোষ নেই, এমনকি তারা বাড়িও ফিরতে পারছেন না। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে।

পোর্ট ক্লাং শ্রম অফিস জানিয়েছে, তারা এখনো কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিংয়ের সাবেক কর্মীদের দাবি তদন্ত করছে। এই কর্মীরা নিকটতম শ্রমবিভাগে অভিযোগ দায়ের করতে পারেন এবং তাদের অবস্থা সম্পর্কে জানতে পারেন বলে জানিয়েছে বিভাগটি।

এ বিষয়ে কাওয়াগুচি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। হল জানিয়েছেন, বাংলাদেশে ফিরে আসা আরও ২২ জন কাওয়াগুচি কর্মী ঢাকায় প্রবাসী মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশের শ্রমিকরা বলেছেন, তারা আজ একই বিষয়ে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে আবেদন করবেন। অন্যদিকে মালয়েশিয়ার শ্রমিকরা বলেছেন, তারা বাংলাদেশি হাইকমিশনে সহায়তা চাইতে যাবেন।

হল বলেন, কাওয়াগুচি মামলাটি মালয়েশিয়ায় পদ্ধতিগত আধুনিক দাসত্ব, জোরপূর্বক শ্রম, দায়মুক্তি, দুর্নীতি এবং আইনের শাসনের অনুপস্থিতির প্রতীক।

 

সূত্র: যুগান্তর