সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করার পর মসজিদের বাইরে কোনো কাজ সেরে আবার মসজিদে এসে ইশরাকের নামাজ পড়লে ইশরাকের পূর্ণ সওয়াব পাব কি? মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করার পর নিজ গৃহে গিয়ে ইশরাকের নামাজ পড়লে তা আদায় হবে কি? যদি আদায় হয় পূর্ণ ফজিলত পাব কি? রাসুল (সা.) ফজরের নামাজ জামাতে আদায় করার পর নিজ গৃহে অথবা অন্য স্থানে ইশরাকের নামাজ পড়েছেন কি?
-মনোয়ার, বগুড়া

উত্তর : ইসলামসম্মত কোনো কারণ ছাড়া ফজরের নামাজের পর মসজিদ ত্যাগ করে পরবর্তী সময়ে ইশরাক আদায় করলে তা আদায় হয়ে যাবে, তবে হাদিসে বর্ণিত ইশরাকের নির্দিষ্ট ফজিলত পাওয়া যাবে না। ওই সওয়াব পেতে হলে সূর্যোদয়ের পর অন্তত ১০ মিনিট পর্যন্ত মসজিদে অপেক্ষা করে ইশরাক পড়তে হবে। উল্লেখ্য, রাসুল (সা.) সাধারণ অবস্থায় ফজরের নামাজের পর জিকিরে মশগুল থাকতেন এবং ইশরাক পড়েই মসজিদ থেকে বের হতেন।
(মুসলিম : ১/২৩৫, মিশকাত : ১/৮৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৮/১৩৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
সূত্র: কালের কণ্ঠ









