সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্বর্ণের দাম আকাশচুম্বি। বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজারে কিছু বেশি। স্বর্ণের এমন আকাশচুম্বি দামের মধ্যেই সামনে এল নতুন প্রযুক্তি। যার নেপথ্যে রয়েছে চীন। ‘গোল্ড এটিএম’ বসিয়েছে চীন।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গোল্ড এটিএমে যেকোনও স্বর্ণের গয়না রাখলে সেই স্বর্ণের শুদ্ধতা, ওজন প্রভৃতি যাচাই করে নেওয়া হয়। তারপর জানানো হয় সেদিনের বাজারদর অনুসারে সেই স্বর্ণের দাম কত।

তারপর মাত্র ৩০ মিনিটের মধ্যেই সেই টাকা গয়নার মালিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এর জন্য বিক্রেতাকে অন্য কোনো দোকানে যেতে হচ্ছে না।
‘মানি কন্ট্রোল’ অনুসারে – এই গোল্ড এটিএম পরিচালনা করছে চীনের ‘কিংহুড গ্রুপ’। তারা গ্রাহক বা ক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে স্বর্ণের দাম পাঠানোর আগেই সেই স্বর্ণ যাচাই করে নেওয়ার পাশাপাশি সকল হিসেব-নিকেশও সেরে ফেলছে।
চীনের সাংহাইয়ের একটি শপিং মলে এই গোল্ড এটিএম বসানো হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে যে কেউ ৩ গ্রামের বেশি ওজনের এবং ন্যূনতম ৫০ শতাংশ খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি যেকোনও গয়না এটিএমের মাধ্যমে বিক্রি করতে পারবেন।
ইতোমধ্যে এই এটিএম জনপ্রিয়তা অর্জন করেছে, তাতে চাইলেই সঙ্গে সঙ্গে এটিএম ব্যবহার করা যাচ্ছে না। গোল্ড এটিএমের মাধ্যমে স্বর্ণ বিক্রি করার জন্য বিক্রেতাদের আগে থেকে ‘অ্যাপয়েন্টমেন্ট’ করে যেতে হচ্ছে। আগামী মে মাস পর্যন্ত এই এটিএম ব্যবহার করার সব ‘বুকিং স্লট’ শেষ।
চীনা সংবাদমাধ্যমে দাবি করছে, যখন এই এটিএম সম্পর্কে প্রচার করা হচ্ছিল, তখন ৪০ গ্রাম ওজনের একটি নেকলেস এই মেশিনে রাখা হয়। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ৩৬ হাজার ইউয়ান।
সাংহাই গোল্ড অ্য়াসোসিয়েশনের সদস্য শু ওয়েইজিন এ প্রসঙ্গে বলেন, ‘স্মার্ট গোল্ড এটিএম চালু করার প্রাথমিক লক্ষ্য হল – বাণিজ্যিক উদ্দেশ্যে স্বর্ণ রিসাইকেল করা। যেভাবে স্বর্ণের দর বাড়ছে, তাতে এটা স্পষ্ট যে আমজনতার কাছে গচ্ছিত থাকা স্বর্ণের দামও বাড়ছে। ফলে মানুষের স্বর্ণ বিক্রি করার প্রবণতাও বাড়ছে। স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, কেন্দ্রীয় ব্যাংক এবং শিল্পে বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।’
সূত্র: যুগান্তর










