রাজশাহী

রাজশাহীতে বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজশাহীতে বিএনপির এক নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোররাতে রাজশাহীর নবগঙ্গা এলাকায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুলের বড় ভাই সাগর হোসেন। এতে নবগঙ্গা এলাকার এনামুলের ছেলে নাইস হোসেন (২৫) ও একই এলাকার কালামের ছেলে মো. আরিফসহ (৩০) অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, তিনি ও তার বড়ভাই একই বাড়িতে থাকেন। ভোররাত ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে দেখতে পান কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন তারা। পূর্বশত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে আব্দুল জলিল বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সূত্র: যুগান্তর