সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বিরোধী দলের নেতাদের ৬৬ বছর পর্যন্ত কারাদণ্ড তিউনিসিয়ায়

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৫৩ মিনিট পড়া
বিরোধী দলের নেতাদের ৬৬ বছর পর্যন্ত কারাদণ্ড তিউনিসিয়ায়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তিউনিসিয়ার একটি আদালত শনিবার দেশটির গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় নেতা, ব্যবসায়ী ও আইনজীবীদের ১৩ থেকে ৬৬ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। বিরোধী পক্ষের দাবি, মামলাটি ভিত্তিহীন এবং এই রায় প্রেসিডেন্ট কায়েস সাঈদের একনায়কতান্ত্রিক শাসনের প্রতীক।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০২১ সালে পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট সাঈদ বিচার বিভাগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেন। পরে ২০২২ সালে তিনি স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেন এবং বহু বিচারককে বরখাস্ত করেন।

কে কত বছর দণ্ড পেলেন?

এদিকে ষড়যন্ত্র মামলায় আসামিদের পক্ষে আইনজীবী আব্দেসসাতার মাসউদির বরাতে রয়টার্স জানিয়েছে, সরকার বিরোধী ব্যবসায়ী কামেল লতাইফকে সর্বোচ্চ ৬৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বিরোধী দলীয় নেতা খিয়াম তুর্কিকে ৪৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ঘাজি শাওয়াচি, ইস্সাম শেব্বি, জাওহার বেন মবরাক ও রিদা বেলহাজ নামের বিরোধী ফ্রন্ট ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ (এনএসএফ)-এর কয়েকজন প্রভাবশালী নেতার প্রত্যেককে ১৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন।

এনএসএফ নেতা ঘাজি শাওয়াচির ছেলে ইউসুফ বলেন, ‘আমরা এই প্রতিহিংসাপরায়ণ ও অন্যায্য রায়ে অবাক হইনি। এটা স্পষ্টভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টামাত্র’।

মামলা ও বিচারের বিতর্ক

বিতর্কিত এই মামলায় মোট ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।

এদিকে আদালতের রায় ঘোষণার আগে আইনজীবী আহমেদ সোয়াব বলেন, ‘আমি জীবনে এমন বিচারের মুখোমুখি হইনি। এটি একটি প্রহসন। রায় আগে থেকেই তৈরি ছিল। এই বিচার লজ্জাজনক ও কলঙ্কজনক’।

তবে সরকারের দাবি, এই আসামিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন এবং প্রেসিডেন্ট সাঈদের সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন। তাদের মধ্যে সাবেক গোয়েন্দা প্রধান কামেল গুইজানিও রয়েছেন।

মামলার আসামি এনএসএফ নেতা আহমেদ নেজিব শেব্বি বলেন, ‘সরকার বিরোধিতাকে অপরাধে পরিণত করতে চায়’।

এর আগে প্রেসিডেন্ট সাঈদ ২০২৩ সালে বলেছিলেন, ‘এই রাজনীতিকরা দেশদ্রোহী ও সন্ত্রাসী। যারা তাদের খালাস দেবে, সেই বিচারকরাও তাদের সহযোগী’।

মূলত তার এই হুমকির প্রেক্ষিতেই এমন রায় এসেছে বলে মনে করা হচ্ছে।

ফের একনায়কতন্ত্রের পথে তিউনিসিয়া?

বিরোধী নেতারা প্রেসিডেন্ট সাঈদের বিরুদ্ধে ২০২১ সালে ‘অভ্যুত্থান’ ঘটানোর অভিযোগ এনেছেন। তারা বলছেন, এই মামলাটি সাজানো এবং এর উদ্দেশ্য বিরোধীদের স্তব্ধ করে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা।

তাদের দাবি, তারা একটি বিরোধী ঐক্যজোট গঠনের উদ্যোগ নিচ্ছিলেন, যা আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা ছিল।

তাইতো আদালতের এই রায়কে তিউনিসিয়ার গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আরেকটি আঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, বর্তমানে তিউনিসিয়ার বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতা কারাবন্দি। এর মধ্যে রয়েছেন মুক্ত সংবিধানিক পার্টির নেত্রী আবির মৌসি এবং ইসলামপন্থি দল আন-নাহদার প্রধান রাশেদ ঘান্নোশি। তারাও প্রেসিডেন্ট সাঈদের সবচেয়ে বড় সমালোচক।

 

সূত্র: যুগান্তর