সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্স সিইও ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের। মাস্কের সঙ্গে ফোনালাপের খবর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মোদি।

এক্সবার্তায় মোদি লিখেছেন, ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমরা যে আলোচনা করেছিলাম তাও উঠে এসেছে। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারত আদর্শ স্থান হয়ে উঠছে বলে তাকে জানিয়েছি।
তিনি আরও লিখেছেন, এ ছাড়া, দুই দেশ একে-অপরের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী, তাও আলোচনায় উঠে এসেছে। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন প্রশাসনের নতুন শুল্কনীতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে মাস্কের সঙ্গে এই আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
একাধিক দেশের মতো ভারতের ওপরও পাল্টা শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সরকার। পরে যদিও ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এ শুল্কনীতি নিয়ে নয়াদিল্লি নানা অঙ্ক কষার সময়ই মাস্কের সঙ্গে মোদি কথা বললেন।
তা ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সস্ত্রীক ভারত সফরে যাওয়ার আগে দিয়ে হলো এই ফোনালাপ। এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে মোদি-মাস্কের সাক্ষাৎ হয়েছিল।
তার কয়েক মাসের মধ্যেই ফের দুজনের ফোনালাপ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক মহলে। এক্সের পোস্টে মোদি সেই জল্পনার অবসান ঘটিয়েছেন।
শিগগিরি টেসলা ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে। তার আগে শুক্রবার মোদি-মাস্কের এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্র: যুগান্তর









