সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

একটি অনাগত প্রাণের নিঃশব্দ আর্তনাদ

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২৫৩ মিনিট পড়া
একটি অনাগত প্রাণের নিঃশব্দ আর্তনাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এ যেন এক মৃত্যু যাত্রা। যার শুরু আছে, তবে শেষ নেই—কেবল ক্ষতচিহ্নে পূর্ণ এক ইতিহাস। গাজার খান ইউনিসে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় পৃথিবীর আলো দেখার আগেই প্রাণ হারালো একটি অনাগত শিশু। মাত্র ৪ মাস বয়সি ভ্রূণটি মায়ের গর্ভে নিশ্চিন্তে বেড়ে উঠছিল—এক অসমাপ্ত গল্পের মতো।

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি আগ্রাসন চলছে তো চলছেই। বৃহস্পতিবার সেখানে দখলদার বাহিনীর সেই তাণ্ডব থেকে বাঁচতে পালিয়ে আসা অসংখ্য পরিবার তাঁবুতে আশ্রয় নিয়েছিল। তবে তা ছিল নিষ্ঠুর পৃথিবীর বুকে তাদের শেষ আশ্রয়স্থল। মুহূর্তেই তাদের আশ্রয় হয়েছে মৃত্যুর কোলে।

কেননা, সেখানেই বৃষ্টির মতো ধেঁয়ে আসে বোমা, গ্রাস করে ধ্বংসযজ্ঞ।

বার্তা সংস্থা আনাদোলু, আল-জাজিরাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে অন্যদের সঙ্গে খান ইউনিসের অস্থায়ী আশ্রয়স্থলের তাঁবুতে আশ্রয় পান আমানি আবু আল-রাস নামের এক নারীও। তিনি ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা।

বৃহস্পতিবারের হামলায় তার স্বামী মাহমুদ আবু আল-রাস ও তাদের এক সন্তান সেখানেই শহিদ হন। হামলায় প্রাণ হারান তাদের পরিবারের আরও ১১ জন সদস্য। অর্থাৎ একটি গোটা বংশধারা যেন মুছে গেল এক মুহূর্তেই।

ওই হামলায় মারাত্মকভাবে আহত হন অসহায় আমানিও।

একটি অনাগত সন্তানের অন্তিম মুহূর্ত

বর্বর ইসরাইলি বাহিনীর এই বোমা হামলা কেবল দুনিয়ার বুকে বিচরণ করা মানুষের শরীর ও প্রাণই নয়, কেড়ে নিল মায়ের গর্ভের প্রাণও। চার মাসের সেই ভ্রূণ—যার কোনো নামকরণ হয়নি, যার জন্য হয়তো অনেক স্বপ্ন বুনছিলেন বাবা-মা—সে আজ শুধুই একটা ‘ফাইল ছবি’।

তবে এই ছবিই এখন ধ্বংসপ্রাপ্ত গাজার ইতিহাসের এক স্থির প্রতীক—এক ভবিষ্যৎ, যা আর কখনো আলোর মুখ দেখবে না।

যুদ্ধ নয়, এটি গণহত্যা: একদিনে নিঃশেষ ৪৫ প্রাণ

ফিলিস্তিনি মেডিকেল সূত্র, সিভিল ডিফেন্স কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু বৃহস্পতিবারই ইসরাইলি বাহিনীর বিমান, ড্রোন ও কামান হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই যুদ্ধ এখন আর দুই রাষ্ট্রের সংঘাত নয়—এ এক পরিকল্পিত গণহত্যা, জাতিগত নির্মূলকরণ, একটি জনগোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া।

খান ইউনুস: মৃত্যুপুরীর নতুন নাম

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস এখন কেবল একটি শহরই নয়—এটি একটি সমাধিক্ষেত্র। এখানে নেই কোনো ঘরবাড়ি, নেই কোনো নিরাপত্তা, নেই কোনো মৌলিক অধিকার। বেঁচে থাকা মানেই কেবল মৃত্যুর অপেক্ষা। এখানে শিশু জন্ম নেয় না, জন্ম নেওয়ার আগেই তারা মাটির নিচে ঘুমিয়ে যায়।

আর কত অনাগত শিশু প্রাণ নেবে?

বিশ্ব এই ঘটনার কী ব্যাখ্যা দেবে? মাতৃগর্ভের শিশুর মৃত্যু কি কোনো যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করে? তার নাম ছিল না, জাতীয়তা ছিল না, অস্ত্র তো দূরের কথা—সে তো ছিল কেবলই একটি হৃদস্পন্দন। সেই স্পন্দন এখন নেই। থামিয়ে দিয়েছেন রক্তপিপাষু ইসরাইল।

একটি পরিবার নয়, একটি ভবিষ্যতের মৃত্যু

দখলদার ইসরাইলের এই হামলা যেন একটি পরিবারকে নয়, এক অপার সম্ভাবনাকে হত্যা করেছে। একটি ভবিষ্যৎকে কবর দিয়েছে। গাজার বালুকণা আজ শুধু রক্তে রঞ্জিতই নয়—তাতে মিশে আছে হাজারো শিশুর নিঃশব্দ আর্তনাদ। যাদের অনেকেরই কোনো নাম ছিল না, ছিল না পরিচয়!

কিন্তু আজ তারা সেইসব প্রাণের প্রতীক হয়ে উঠেছে, যারা পৃথিবীতে আসার আগেই হারিয়ে যায় রাজনৈতিক নিষ্ঠুরতার আঁধারে।

 

সূত্র: যুগান্তর