সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ৩ মে সাধারণ নির্বাচন

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৫৩ মিনিট পড়া
সিঙ্গাপুরে ৩ মে সাধারণ নির্বাচন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিঙ্গাপুরে আগামী ৩ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের জন্য এই নির্বাচন প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক লি পরিবার সিঙ্গাপুরের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রেখে আসছে। গত বছর লরেন্স ওং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

লি কুয়ান ইউয়ের ছেলে লি হিসিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হন লরেন্স ওং। আগামী নির্বাচন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) জন্য প্রথম নির্বাচনী লড়াই এটি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা।

ব্রিটিশদের কাছ থেকে ১৯৫৯ সালে স্বায়ত্তশাসন পাওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। ভোটাররা এবারও ক্ষমতায় ফিরিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

২০২০ সালে সিঙ্গাপুরে সর্বশেষ নির্বাচনে দেখা গেছে, বিরোধী দল ‘ওয়ার্কার্স পার্টি’ ১০টি আসনে জয় পেয়ে ইতিহাস গড়ে। ১৯৬৫ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হওয়ার পর এটিই ছিল বিরোধীদের সবচেয়ে বড় সাফল্য।

এবারের নির্বাচনে ৯৭টি আসনের জন্য লড়াই হবে। এর আগে ২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন দল পিএপি ৯৩ আসনের ভেতর ৮৩টি আসনে জয় পেলেও সেই ফলকে আংশিক ধাক্কা হিসেবেই বিবেচনা করে দলটি। ফলে এবারের নির্বাচনে আরো শক্তিশালী জয়ের লক্ষ্যে তারা মাঠে নামবে এতে সন্দেহ নেই।

আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে ইউগভ পরিচালিত এক জরিপে ৪৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা কাকে ভোট দেবেন ঠিক করে ফেলেছেন। তাদের মধ্যে ৬৩ শতাংশই ভোট দেবেন পিএপিকে, আর ১৫ শতাংশ ভোট দেবেন প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টিকে।

জরিপে অংশ নিয়েছিল ১,৮৪৫ জন সিঙ্গাপুরের নাগরিক।
গত বছর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের জায়গায় দায়িত্ব নেওয়া লরেন্স ওংয়ের জন্য এটি হবে প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।

ফেব্রুয়ারিতে নিজের প্রথম বাজেট পেশ করে তিনি যেসব করছাড়, নগদ সহায়তা এবং খাতভিত্তিক প্রণোদনা ঘোষণা করেন, অনেকেই তা দেখছেন নির্বাচনের আগে ভোটারদের খুশি রাখতে ‘ফিল-গুড বাজেট’ হিসেবে।

রয়টার্স জানিয়েছে, সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে। তাদের সবাই পিএপির। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান ইউ, যাকে আধুনিক সিঙ্গাপুরের রূপকার বলা হয়। তিনি ক্ষমতায় ছিলেন দীর্ঘ ২৫ বছর। ২০১৫ সালে প্রয়াত লি কুয়ান ইউয়ের ছেলে লি সিয়েন লুং ২০ বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব ছাড়েন।

সিঙ্গাপুরে ২৭ লাখ ৫০ হাজার যোগ্য ভোটারের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। দেশটিতে যুক্তরাজ্যের মত ‘ফার্স্ট-পাস-দ্য-পোস্ট’-এর মতো ভোটদানের নিয়ম থাকলেও সেখানে বিরোধীদের জন্য কিছু বাড়তি চ্যালেঞ্জ আছে।

 

সূত্র: কালের কণ্ঠ