নাটোর

লালপুরে দুটি ট্রেন লাইনচ্যুত-রেললাইনে ফাটল 

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন ও ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক দুর্ঘটনায় দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। সেই সঙ্গে ওই রেললাইনে ফাটলও দেখা গেছে। তবে বর্তমানে বিকল্প লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ফাইভ আপ ট্রেন রাত সোয়া ১০টার দিকে আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর রেলওয়ে জংশনের এক কিলোমিটার পূর্বে বাওড়া ব্রিজ এলাকায় ও ঈশ্বরদী বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনটি আজিমনগর রেলস্টেশন (গোপালপুর) ছাড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনের একটি চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাতেই বগিগুলো সরিয়ে বিকল্প লাইনে ট্রেনটি গন্তব্যে পাঠিয়ে দেয়। শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেন উদ্ধারকারী দল।

এছাড়াও সকাল সাড়ে ৭টার দিকে একই লাইনে একটি ফাটল নজরে আসলে রেলওয়ের মেরামতকর্মীরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেন।

অন্যদিকে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে শুক্রবার(১২ এপ্রিল)  ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা ও প্রথম বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন এসে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং এক ঘণ্টার মধ্যেই কাজ শেষ করে ট্রেনটি পুনরায় পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ জানান “ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে আব্দুলপুর স্টেশন থেকে এক কিলোমিটার পূর্বে এসে ইঞ্জিনের একটি চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে লাইনটি ডাবল হওয়ায় বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।”