সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিরিয়ায় নতুন দখলকৃত অঞ্চল দেখাতে পর্যটকদের কাছে টিকিট বিক্রি ইসরায়েলের

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
সিরিয়ায় নতুন দখলকৃত অঞ্চল দেখাতে পর্যটকদের কাছে টিকিট বিক্রি ইসরায়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাসওভারের ছুটির সময় ইসরায়েলি সেনাবাহিনী নতুন দখলকৃত সিরিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের জন্য হাইকিং ট্যুরের আয়োজন করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গোলান হাইটসে আগামী রবিবার শুরু হবে এই পর্যটন। চলবে এক সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা।

বুলেটপ্রুফ বাসে সামরিক পাহারায় ছোট ছোট দল সিরিয়ার ভূখণ্ডে ২.৫ কিলোমিটার পর্যন্ত পর্যটকদের ভ্রমণ করানো হবে। ১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর মালভূমির ‘বাফার জোন’ দখলে নেয় ইসরায়েলি বাহিনী। বর্তমানে সিরিয়ার বেশ কয়েক বর্গকিলোমিটার এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

এই ভ্রমণপথে দামেস্কের দিকে অবস্থিত হারমন পর্বতের সিরিয়ান অংশ এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত লেবাননের শেবা খামারও দেখা যাবে। এ ছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা। এই রেলপথ অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলকে হাফিয়া, নাবলুস ও সৌদি আরবের পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করেছিল। পর্যটকরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন।

দর্শনার্থীরা জর্দান সীমান্তে ইয়ারমুকে প্রবাহিত রুক্কাদ নদী উপত্যকায় হাইকিংও করতে পারবেন।

ইসরায়েলে সামরিক বাহিনীর ২১০তম ডিভিশনসহ বেশ কয়েকটি সংগঠন ও সংস্থা এই পর্যটনের আয়োজন করেছে। ‘নিরাপদে উত্তরে ফেরা’ নামে ইসরায়েলের একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই পর্যটন চালু করা হয়েছে। ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্র জানিয়েছে, আইডিএফের ২১০তম ডিভিশন, গোলান আঞ্চলিক কাউন্সিল, কেশেত ইয়েহোনাতান ধর্মীয় শিক্ষাকেন্দ্র, পরিবেশবাদী গোলান ফিল্ড স্কুল এবং ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এই ভ্রমণের আয়োজন করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের জন্য ওই অঞ্চলের ঐতিহ্য পুনরুদ্ধার এবং যুদ্ধের সময়ের কাহিনিগুলো তুলে ধরা প্রয়োজন।

সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, আসাদ সরকারের আমলে গড়ে তোলা অস্ত্রের মজুদ ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়। এ ছাড়া ১৯৭৪ সালের একটি চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের স্থলবাহিনী।
পর্যটকরা নিজেরাই ঝুঁকি নিয়ে সেখানে যাবেন এবং নিরাপত্তার সমস্যা থাকলে স্বল্প নোটিশে ভ্রমণ বাতিল করতে পারবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী সীমান্ত এলাকা থেকে দূরে থাকবে এবং বিকল্প ব্যবস্থা না পাওয়া পর্যন্ত আইডিএফ সেখানে অবস্থান করবে।

 

সূত্র: কালের কণ্ঠ