সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী এ তথ্য জানান। খবর ডনের।
শাফাত আলী বলেন, চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠাবে পাকিস্তান।

এটিকে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানি মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে পিএইচডিধারী, অভিজ্ঞ পাইলট, শারীরিকভাবে সবলসহ বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা এতে অংশ নেবেন।
শাফাত আলী আরো বলেন, চীন প্রাথমিকভাবে মহাকাশচারী প্রশিক্ষণকে শুধু তার নাগরিকদের জন্য সংরক্ষিত করেছিল।
কিন্তু এখন এই সুযোগটি পাকিস্তানের কাছে প্রসারিত হয়েছে, যা দুই দেশের মধ্যে বৃহত্তর বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছে।
সূত্র: কালের কণ্ঠ










