রাজশাহী

দুর্গাপুরে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী শাহিনুর ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। আজ রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ০৫ বছর পূর্বে মোছাঃ আফরিন আক্তার বৃষ্টির (২২) সাথে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে শাহিন । ভিকটিমের পরিবার তার সংসারে সুখের কথা বিবেচনা করে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করে। স্বামী শাহিনুর তার বাবা ও মায়ের প্ররোচনায় আফরিনকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। এর পর শাহিনুর বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দাবী করলে ভিকটিমের পরিবার তার মেয়ের সুখের জন্য পুনরায় ২ লাখ ১০ হাজার টাকা প্রদান করে। কিন্তু এর পরেও ভিকটিমের স্বামী ও তার পিতা-মাতা ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং আরো টাকার জন্য চাপ দিতে থাকে।

গত ১৪ মার্চ দুপুর দুইটার দিকে শয়ন কক্ষের ভিতরে দরজা-জানালা বন্ধ করে শাহিনুর ও তার শ্বশুর, শাশুড়ী ও ননদ মিলে মারপিট করেছে বলে মোবাইল ফোনে আফরিন তার বাবা-মাকে জানায়। এতে তার শশুরবাড়ীর লোকজন আরো বেশী ক্ষিপ্ত হয়। একপর্যায়ে আফরিনের তলপেটে লাথি মারে ও অন্যান্য বিবাদীগন শারীরিক ভাবে নির্যাতন করে ঘরের ভিতর মৃতদেহ ফেলে দরজা-জানালা বন্ধ করে আসামীগন পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদঘাটন ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে নারকীয় হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আঃ জলিল (৫৫) ও তার মেয়ে মোছাঃ শ্যামলীকে (৩৫) গত ১৬ মার্চ দুর্গাপুর থানাধীন আনুলিয়া নামক এলাকা হতে গ্রেফতার করে। কিন্তু মূলহোতা ঘাতক স্বামী পালাতে সক্ষম হয়। উক্ত আাসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে আজ রবিবার সকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার নামক এলাকা হতে শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

স/আর