সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন পুতিন

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৫২ মিনিট পড়া
ট্রাম্পের জন্য গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন পুতিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত বছর নির্বাচনী প্রচারণা সমাবেশে গুলিবিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পের সুস্থতা কামনায় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক সঞ্চালক টাকার কার্লসনের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প এবং পুতিনের ‘বন্ধুত্বের’ দিকটি তুলে ধরেন। খবর এনবিসি ও ইউএসএ টুডের।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দূত হিসেবে দুইবার মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ। পুতিনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠকের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে মার্কিন দূত জানান, ট্রাম্পের ওপর বন্দুকধারীর হামলার পরপরই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনায় স্থানীয় গির্জায় যান পুতিন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন।

উইটকফ বলেন, ‘যখন প্রেসিডেন্টকে গুলি করা হয়েছিল, তখন পুতিন স্থানীয় গির্জায় গিয়ে তার পুরোহিতের সঙ্গে দেখা করেছিলেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেছিলেন। পুতিনের প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব ছিল এবং তিনি তার বন্ধুর জন্য প্রার্থনা করছিলেন।

তিনি আরো বলেন, ‘যখন তিনি ট্রাম্পকে একই কথা বলেছিলেন, তখন তিনি (ট্রাম্প) অভিভূত হয়েছিলেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ও ট্রাম্পের ভালো সম্পর্কের আরেকটি নিদর্শন হলো- পুতিন একজন শীর্ষ রুশ শিল্পীর তৈরি ট্রাম্পের একটি ‘সুন্দর প্রতিকৃতি’ বানান, যা পরে ট্রাম্পকে উপহার দেওয়া হয়। এটিও পুতিন এবং ট্রাম্পের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রকাশ করে। অন্যদিকে ট্রাম্পও পুতিনকে ‘প্রতিভাবান’ এবং ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।

 

সূত্র: কালের কণ্ঠ