লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের (৫৮) ওপর অতর্কিত হামলা চালিয়েছে দূর্বত্তরা। উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই আশ্রমে কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।
বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সঞ্জয় গোঁসাই আশ্রমের সাবেক সভাপতি ও দুড়দুড়িয়া ইউপির রামকৃষ্ণপুর (পানসি পাড়া) গ্রামের অনিল কুমারের ছেলে।

আহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এ এস এম আলমাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে আহত সঞ্জয় ও খোকনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সঞ্জয়ের বাম হাতের দুই জায়গায় ভেঙে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সঞ্জয় কুমার বলেন, আশ্রম কমিটি নিয়ে কোর্টে মামলার শুনানি শেষে আমি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উত্তম কুমারের নেতৃত্বে মিল্টন, সিরাজ, চঞ্চল, সুজিত ঘোষ, সঞ্জিত ঘোষ ও নির্মল সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর ও প্রতিবেশী ছোট ভাই খোকনের উপর হামলা করে। উত্তমের নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে আশ্রম দখল ও ধন সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছিল। আমি বাধা দেওয়ায় আমার ওপর তারা হামলা করেছে।
আশ্রমের বর্তমান কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, আশ্রমের বিষয় নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা আইনিভাবে সবকিছু মোকাবেলা করছি। সঞ্জয় দুর্নীতি করে তার অপকর্ম ঢাকার জন্য এসব করছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









