নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করেই নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচনে গেলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য নির্বাচন হোক এটি আমরা চাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতেই হবে। জাতির স্বার্থে যেগুলো সংস্কার খুব জরুরি সেগুলো আগে করতে হবে।’
বুধবার (১৯ মার্চ) বিকালে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, দৈনিক সংগ্রামের স্পেশাল করেসপন্ডেন্স সরদার আব্দুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, এডিটরর্স ফোরাম রাজশাহীর সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আশরাফুল আলম ইমন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









