সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের দোহায় যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ ‘ইসরাইল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি-মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা’র চেষ্টা করবেন।

এত আরও বলা হয়েছে, উইটকফ দোহায় যাওয়ার আগে ইসরাইল ও হামাসের আলোচকদের পাশাপাশি কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার (১০ মার্চ) দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ‘উইটকফ একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় কয়েক আলোচনার জন্য সমস্ত পক্ষকে এক জায়গায় আনতে চেয়েছিলেন। ’
এছাড়া ট্রাম্পের দূত হামাস কর্মকর্তাদের সঙ্গে নাকি কেবল ইসরাইলি প্রতিনিধি এবং কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবেন তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এর আগে গত সপ্তাহে, অ্যাক্সিওস বলেছে, ইসরাইলি জিম্মিদের নিয়ে ট্রাম্পের দূত অ্যাডাম বোহলার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছেন।
এদিকে, শনিবার (৮ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) ঘোষণা দিয়েছে, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আলোচনা এগিয়ে নিতে সোমবার (১১ মার্চ) দোহায় একটি প্রতিনিধিদল পাঠাবে ইসরাইল।
সূত্র: যুগান্তর










