নাটোর

লালপুরে আ.লীগের তান্ডবের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে আওয়ামী সন্ত্রাসী তাণ্ডবের ভয়ে জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি চার পরিবার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আনসার আলীর ছেলে আশিক তার নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একই গ্রামের রুস্তম আলীর ছেলে বিএনপি সমর্থক মোঃ রুবেল আলী এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাদক ব্যবসায়ী খোরশেদ আলী ও সমর্থক শাহ আলম পক্ষের বিরোধ চলে আসছিল। আমার বাবা সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে বিরোধটি নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিএনপি করার কারণে তারা আগে থেকেই আমাদের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিল। সেই রাগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তারা আমাদের বাড়িতে তান্ডব চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের আসবাবপত্র, স্বর্ণালংকার, দোকানের জিনিসপত্র ইত্যাদি লুট করে নেয়। এ সময় আওয়ামী সন্ত্রাসী ডাবলু, খোরশেদ ও শাহ আলমের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে এসে আমার ফুফাতো ভাই আরিফের পায়ের রগ কেটে দেয়, ভাবী ফেরদৌসীকে শারীরিক নির্যাতন ও চাচা আনিসুরকে মেরে হাত ভেঙ্গে দেয়। এ ঘটনায় আমার ফুফাতো ভাই রুবেল বাদী হয়ে লালপুর থানা একটি অভিযোগ দাখিল করেন। আজ বুধবার সকালে তারা আবারও আমাদের উপর হামলা চালিয়ে হত্যা করার হুমকি দিয়ে গেছে।ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় আমরা এখনো দলীয় কিংবা প্রশাসনিক কোন সহযোগিতা পাইনি। এতে বর্তমানে আমরা জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছি।

এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আলী জিন্না বলেন, আওয়ামী লীগ সমর্থক ও একাধিক মাদক মামলার আসামী মোঃ খোরশেদ আলীর নেতৃত্বে বিএনপি পরিবার আশিক ও রুবেলের পরিবারের ওপর হামলা ও তান্ডব চালানো হয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আলীম বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তৎপর রয়েছে। একাধিক মাদক মামলার আসামি হিসেবে খোরশেদ আলমের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।