নিজস্ব প্রতিবেদক:
“১৪তম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারদের গ্রেড অন্তর্ভুক্ত ও নিয়মিত জনবল করার দাবিতে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতি, রাজশাহী বিভাগ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ে প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের ৮ম পর্যায়ে জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেড অন্তর্ভুক্ত করণ সহ ৫ দফা দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ। দাবিগুলো হলো:-
১. সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ১৪তম গ্রেডে বেতন নির্ধারণ ও নিয়মিত জনবলে অন্তভুক্তি করণ।
২. পূর্বে নিয়োগপ্রাপ্ত মডেল কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে নিয়োগ বহাল রাখা এবং পদের নাম পরিবর্তন করা।
৩. বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাদি প্রদান।
৪. কেন্দ্র/মাঠ পরিদর্শের জন্য মটর সাইকেল ও তার জ্বালানি বরাদ্দ প্রদান।
৫. চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনিদিষ্ট নীতিমালা প্রণয়ন।
মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মো: আব্দুর রাজ্জাক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।









