সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন আলোচনা ঘিরে ইউরোপীয় নেতাদের উদ্বেগ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫৩ মিনিট পড়া
ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন আলোচনা ঘিরে ইউরোপীয় নেতাদের উদ্বেগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় নেতারা ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রাম্প বলেছেন, গত বুধবার পুতিনে সঙ্গে তিনি ‘অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ’ করেছেন এবং তিনি শিগগির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারেন। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোনালাপ সম্পর্কে অবহিত করলেও ইউক্রেন আলোচনায় সমানভাবে অংশগ্রহণ থাকবে কিনা তা নিয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ নন।

ট্রাম্প তিন বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে উভয় পক্ষকে আলোচনা শুরু করতে চাপ দেওয়ার সময় বলেছিলেন, ‘আমি মনে করি তাদের শান্তি চুক্তি করতে হবে। মানুষ হত্যা করা হচ্ছে। আমি মনে করি, তাদের শান্তি চুক্তি করতে হবে।’

ট্রাম্প প্রশাসন ও ইউরোপের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই ওয়াশিংটন রাশিয়াকে যে ‘ছাড়’ দিয়েছে তা ‘দুঃখজনক’।

তিনি বলেন, ইউরোপকে এর পরিণতিতে সরাসরি সম্পৃক্ত থেকে বাঁচতে হবে’। তাই ‘এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের অবশ্যই এই আলোচনার অংশ হতে হবে।’

সম্প্রতি ব্রাসেলে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব মন্তব্য করা হয়েছিল। তখন অনেক ইউরোপীয় কর্মকর্তা আশা করেছিলেন, তা যুদ্ধের বিষয়ে মার্কিন চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারবে।

তবে এরপরই স্পষ্ট হয়ে ওঠে যে ট্রাম্প প্রশাসন তাদের ছাড়াই এগিয়ে যাচ্ছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে চুক্তিই হোক না কেন সেই ‘শান্তি চুক্তি স্থায়ী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেন পুতিন জানতে পারেন যে এটিই শেষ। তিনি আর কখনও ইউক্রেনের একটি অংশ দখল করার চেষ্টা করতে পারবেন না।’ তখন তিনি জোর দিয়েছিলেন যে ইউক্রেনকে শান্তি আলোচনায় ‘ঘনিষ্ঠভাবে জড়িত’ থাকতে হবে।

ট্রাম্প তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কীভাবে তা করবেন সেই সম্পর্কে খুব কম ব্যাখ্যা দিয়েছিলেন। একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোনো এক সময় ইউক্রেন রাশিয়ান হয়ে উঠতে পারে। যা ন্যাটো মিত্রদের উদ্বেগ বাড়িয়ে তোলে।

ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্ররা জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তিতে রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূমি থেকে প্রত্যাহারের চেষ্টা করা উচিত।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইউক্রেনের ২০১৪ ও ২০২২ সালের আগের সীমান্ত ফিরে পাওয়া ‘অবাস্তব’। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কোনো সরাসরি পদক্ষেপ নেবে না। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাবে না, মার্কিন সেনারা সেখানে অবস্থান নেবে না এবং কোনো ইউরোপীয় সেনা ইউক্রেনে মোতায়েন হলে তাদের জন্য ন্যাটোর প্রতিরক্ষা সুবিধাও দেওয়া হবে না।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের প্রবেশাধিকারকে যুক্তরাষ্ট্রের অতীত সহায়তার বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে দেখতে পারেন। জেলেনস্কি এ ধরনের চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে ট্রাম্পও এ বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান জানাননি।

ট্রাম্পের এমন অবস্থান ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে হতাশা বাড়িয়েছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমি মনে করি, সবকিছু ইউক্রেনকে বাদ দিয়েই নির্ধারিত হবে। ইউক্রেন শেষ। আর ইউরোপও, এই পথেই এগোচ্ছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যায়, তাহলে যুদ্ধের ফলাফল ইউক্রেনের জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

সূত্র: কালের কণ্ঠ