রাজশাহী

জামায়াতে ইসলামী সব সময় মুনাফেকি করেছে: রাজশাহীতে রিজভী

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মুনাফেকি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি।’

তিনি বলেন, ‘যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলে বসলো- তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে।’ আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন, প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উষ্কানী ছড়াচ্ছে। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল! এটা খুবই দুঃখজনক।’

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মো. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগরের আহবায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশীদ প্রমুখ।