নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৭৭৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। উষামা বিন ইকবাল (২৩) নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন নগরীর আলুপট্টিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সন্ত্রাসী ও যুবলীগকর্মী জহিরুল হক রুবেলের পিস্তল থেকে ছোঁড়া গুলিতে উষামা আহত হয়েছিলেন বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন। মামলায় রুবেলকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে মোট ১৭৪ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয় এ মামলায়।
এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নিযামুল আযিম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি নিজেই মামলাটির তদন্তভার নিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









