লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপি-জামায়াতের ৩ সমর্থকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।রবিবার (২৬জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার উধনপাড়া উত্তর মাঠে আতাউর রহমানের বাড়ি সংলগ্ন বিলের ধারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের উধনপাড়া উত্তর মাঠে আতাহারের বাড়ি সংলগ্ন মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ যুবলীগ নেতা ও কর্মী ওবায়দুল ইসলাম মন্টু, শামীম, ওয়াদুদ, সাবিনা আক্তার ও বিএনপি সমর্থিত আঃ লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুল ইসলাম মন্টু পক্ষ আঃ লতিফ পক্ষকে মারপিট করে।

এতে মৃত তাছের মন্ডলের ছেলে জামায়াত ইসলাম সমর্থিত আব্দুল গফুর (৭০) ও বিএনপি সমর্থিত পিয়ার মোল্লার ছেলে আঃ লতিফ (৭০), আ: জলিলের ছেলে গাজিউর রহমান (৫০) মারাত্মক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আবদুল গফুরের নাতি লালপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক আল আমিন বলেন তার দাদা গফুরকে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে সাইফ সাপোর্টে ভর্তি করে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গাজিউরকে ৫ নং ও আবদুল লতিফকে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবদুল গফুরের ছেলে ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিরুল ইসলাম বলেন বাবার চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছি পরে কথা বলবো।
এ ব্যাপারে অভিযুক্ত ওবায়দুল ইসলাম মুন্টু বলেন এ ঘটনা সম্পর্কের তার কোন কিছু জানা নেই।
এ ঘটনায় লালপুর থানার (ওসি তদন্ত) পুলিশ পরিদর্শক মমিনুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









