সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে ইসরাইল সফরে যাবেন । এর আগে তিনি সৌদি আরবে তার প্রথম সফর করবেন।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব সফরে উইটকফ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনার ওপর আলোকপাত করবেন। যুদ্ধবিরতি চুক্তির প্রথমধাপ রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
উইটকফ জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য তিনি ফিলিস্তিনি উপত্যকাটিতে ‘পরিদর্শন দল’র সদস্য হিসেবে যাবেন।
উল্লেখ্য, গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে চুক্তিটি। এতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র।
গাজায় এ যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রশংসা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি। বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতির ঘোষণা করার সময় তাকে কৃতিত্ব দিয়েছেন থানি।
সূত্র: যুগান্তর










