সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন। আজ সোমবার তিনি এই মন্তব্য করেছেন। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যেকোনো মীমাংসা ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করবে।
ট্রাম্প গত বছর বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত ‘মীমাংসার পথে’ এবং ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ এড়াতে তিনি মস্কো এবং কিয়েভ উভয়ের সঙ্গেই কথা বলবেন।

পুতিন জানান, তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার জন্য ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই।’
আজ সোমবার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করার এবং প্রায় তিন বছরের সংঘাতের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
ট্রাম্পের শপথ গ্রহনের আগে এক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘আসন্ন শপথ গ্রহণের জন্য রিপাবলিকানকে অভিনন্দন। যুদ্ধ পরিস্থিতি মীমাংসার ক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে চাই, এর লক্ষ্য একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয়… বরং সকল মানুষের বৈধ স্বার্থ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি স্থায়ী শান্তি হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আমরা অবশ্যই রাশিয়ার স্বার্থের জন্য রাশিয়ার জনগণের স্বার্থের জন্য লড়াই করব।’
সূত্র: কালের কণ্ঠ










