রাজশাহীর খবর

রাজশাহীতে শুরু হলো ১০ দিনব্যাপী বিসিক উদ্দোক্তা মেলা

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্দোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বিসিকের জেলা কার্যালয়।

রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘ঘরে বসে আমরা যে ছোট শিল্পগুলো গড়ে তুলেছি সেই শিল্পগুলো যাতে লাভজনক অবস্থায় আসে এবং নতুন উদ্যোক্তা তৈরি হয় সেজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’

বিভাগীয় কমিশনার বলেন, ‘এখানে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সকল ধরনের পণ্যের সম্ভার রয়েছে। পণ্যের গুণগতমান আপনারা দেখবেন যা আপনাদের আকর্ষিত করবে এটাই মেলার মূল সাথর্কতা।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

এ মেলায় ৯০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।