সিল্কসিটিনিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়ার প্রবালপ্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের কিনারায় হাঙরের আক্রমণে ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি রবিবার এ তথ্য জানিয়েছে।
যুব পাদ্রি লুক ওয়ালফোর্ড স্থানীয় সময় শনিবার বিকেলে পরিবারসহ বর্শা দিয়ে মাছ ধরার সময় হাঙরের কামড়ের শিকার হন। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি গুরুতর আহত হন এবং প্যারামেডিকদের প্রচেষ্টা সত্ত্বেও প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনাটি নিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে।
ঘটনাটি ঘটে কেপেল বে আইল্যান্ডস ন্যাশনাল পার্কের হাম্পি আইল্যান্ডে, যা ডাইভিং ও স্নরকেলিংয়ের জন্য জনপ্রিয় স্থান। অন্যদিকে ওয়ালফোর্ড রকহ্যাম্পটনের ক্যাথেড্রাল অব প্রেইজ চার্চের স্কুল চ্যাপলিন ও পাদ্রি ছিলেন।
স্থানীয় সংসদ সদস্য ডোনা কার্কল্যান্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘লুক আমার ও অসংখ্য মানুষের বন্ধু ছিলেন।
তার সুন্দর পরিবার ও যারা এই সংবাদে শোকাহত হবেন, তাদের প্রতি আমার প্রার্থনা ও আন্তরিক সমবেদনা রইল।’
পারিবারিক বন্ধু ডগ ওয়েবার এবিসি নিউজকে বলেন, ‘আমি দেখেছি উদ্ধারকারী হেলিকপ্টার আমার বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন জানতাম না এটি আমার বন্ধুর জন্য। যখন শুনলাম এটি লুকের জন্য, তখন খুবই দুঃখ পেলাম।
বিবিসির তথ্যানুসারে, অস্ট্রেলিয়ায় সর্বশেষ প্রাণঘাতী হাঙরের আক্রমণ ঘটেছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সে সময় একজন কিশোর নিহত হয়। চলতি বছর এখন পর্যন্ত চারটি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় একটি ডেটাবেইসে উল্লেখ করা হয়েছে। সাধারণত অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি হাঙরের আক্রমণ ঘটে।
সূত্র: কালের কণ্ঠ










