সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: এফএসবি

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: এফএসবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)৷

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থাটি৷

পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে এফএসবি। সংস্থাটির পূর্বসূরি ছিল কেজিবি।

গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করে৷ একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়৷ কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷

এই হত্যার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ ছিল বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে৷

রাশিয়া ইউক্রেনের এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথাও জানিয়েছে৷

এক বিবৃতিতে এফএসবি বলেছে, ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে৷’

এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেফতারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়৷

এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷

মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷পশ্চিমা বিশ্ব কিয়েভের ‘সন্ত্রাসী শাসক’কে সমর্থন করছে বলেও অভিযোগ তাদের৷

এদিকে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চালাচ্ছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি বলেই মনে করে৷সেই সঙ্গে এসব টার্গেটেড হত্যাকাণ্ড তাদের জন্য বৈধ বলেও মনে করে ইউক্রেন৷

সূত্র: যুগান্তর