সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জর্জিয়ার শাসক দল জর্জিয়ান ড্রিম বা ডেমোক্রেটিক জর্জিয়া’র প্রার্থী মিখাইল কাভেলাশভিলি দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

দেশটির কেন্দ্রিয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান গিওর্গি কালানদারিশভিলি শনিবার (১৪ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করে চূড়ান্ত নির্বাচন প্রোটোকলে স্বাক্ষর করেন।

জর্জিয়ায় মোট ৩০০ সদস্যের ইলেক্টোরাল কলেজের মধ্যে ২২৪ জন সদস্য কাভেলাশভিলির পক্ষে ভোট দেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। যা কাভেলাশভিলি প্রথম রাউন্ডেই অর্জন করেন।

২০১৮ সালে সংবিধান সংশোধনের পর জর্জিয়ায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া চালু হয়।

৩০০ ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত দেশটির ১৫০ জন পার্লামেন্ট সদস্য, সুপ্রিম কাউন্সিলের আদজারার ২১ জন সদস্য ও আবখাজিয়ার ২০ জন সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

এর আগে দেশটিতে গত ২৬ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বিরোধী দলগুলো মেনে নেয়নি।

বিরোধীরা এ সময় পার্লামেন্টের কার্যক্রম বয়কট করে এবং প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কোনো প্রার্থী মনোনীত করেনি।

কাভেলাশভিলি একজন সাবেক ফুটবলার ও সংসদ সদস্য। তিনি শাসক দল জর্জিয়ান ড্রিম- ডেমোক্রেটিক জর্জিয়ার পক্ষে একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জনসমর্থিত ছিলেন।

এদিকে ২৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার পাঁচ বছরের মেয়াদ শুরু হবে।

জর্জিয়ার রাজনীতিতে এই নির্বাচন বিরোধীদের বয়কট এবং সরাসরি ভোট বাতিলের কারণে বিতর্কিত হলেও কাভেলাশভিলির বিজয় শাসক দলের ক্ষমতাকে আরও সুসংহত করবে।

তবে বিরোধীদের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন দেশটির গণতান্ত্রিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা পর্যবেক্ষণের বিষয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: যুগান্তর