সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কিয়েভের এটিএসিএমএস হামলার জবাব মস্কো ‘অবশ্যই’ দেবে

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
কিয়েভের এটিএসিএমএস হামলার জবাব মস্কো ‘অবশ্যই’ দেবে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া মস্কো ‘অবশ্যই’ জানাবে। ক্রেমলিন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে হুমকি দিয়েছিলেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানো বন্ধ না করে, তবে রাশিয়া তার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ দিয়ে কিয়েভের কেন্দ্রে আঘাত হানবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ইউক্রেনের বিরুদ্ধে আগের রাতে বিমানঘাঁটিতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অভিযোগ তোলে।

এই ঘাঁটি দক্ষিণ রোস্তভ অঞ্চলের বন্দর নগর তাগানরোগে অবস্থিত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিন সাংবাদিকদের বলেন, ‘একটি প্রতিক্রিয়া অবশ্যই আসবে—যখন ও যেভাবে এটি উপযুক্ত মনে করা হবে। এটি অবশ্যই আসবে।’ তবে তিনি রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

ইউক্রেনের দীর্ঘদিনের অনুরোধের পর ওয়াশিংটন সম্প্রতি ইউক্রেনকে রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র বুধবার সতর্ক করেছে, রাশিয়া আবারও ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিতে পারে। পেন্টাগনের উপমুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাশিয়া আগামী কয়েক দিনের মধ্যে এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।’

সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের উভয় পক্ষ—মস্কো ও কিয়েভ বিমান হামলা বাড়িয়েছে।

এ ছাড়া রুশ বাহিনী ময়দানে অগ্রসর হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি বসতি পুনর্দখল করেছে, যেখানে আগস্টে ইউক্রেন একটি আকস্মিক আন্ত সীমান্ত আক্রমণ চালিয়েছিল। পাশপাশি পূর্ব দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষুদ্র বসতিও তারা দখল করেছে, যেখানে তারা মাসব্যাপী অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ