সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

১৩ বছরের অপেক্ষা শেষ, শেঙেনের পূর্ণ সদস্য হচ্ছে বুলগেরিয়া-রুমানিয়া

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
১৩ বছরের অপেক্ষা শেষ, শেঙেনের পূর্ণ সদস্য হচ্ছে বুলগেরিয়া-রুমানিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা করেছে, বুলগেরিয়া ও রুমানিয়া আগামী বছরের শুরু থেকে সীমান্তমুক্ত শেঙেন অঞ্চলে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেবে।

বর্তমানে ইইউর সভাপতিত্বকারী হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী স্যান্ডর পিন্টার বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন। দীর্ঘ ১৩ বছরের চেষ্টার পর অবশেষে ইইউ ও ন্যাটোর দুই সদস্য—বুলগেরিয়া ও রুমানিয়া এই সাফল্য অর্জন করল, যেটি সম্ভব হয়েছে অস্ট্রিয়ার ভেটো প্রত্যাহারের মাধ্যমে। আগে অস্ট্রিয়া অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগের কারণে এই দুটি দেশের ব্লকে প্রবেশে বাধা দিয়েছিল।

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস একে ‘প্রাকৃতিক ও প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, এটি সীমান্তে অপেক্ষার সময় কমাবে, ব্যবসায়ীদের জন্য লজিস্টিক খরচ কমাবে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলবে।

তিনি বলেন, ‘শেঙেন সদস্য পদ আমাদের দেশের জন্য একটি কৌশলগত লক্ষ্য ছিল। বছরের পর বছর ধরে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে, যদিও রুমানিয়া বহু দিন ধরেই শেঙেন মানদণ্ড পূরণের জন্য প্রস্তুত ছিল।

এর আগে এই বছরের মার্চ মাসে বুলগেরিয়া ও রুমানিয়াকে শেঙেনের আংশিক সদস্য পদ দেওয়া হয়েছিল। সে সময় তাদের ও অন্য ২৭টি দেশের মধ্যে বিমান ও সামুদ্রিক সীমান্তে চেকিংব্যবস্থা তুলে নেওয়া হলেও স্থল সীমান্তে নিষেধাজ্ঞা বহাল ছিল।

অস্ট্রিয়া তাদের আপত্তি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যখন বুদাপেস্টে দুই দেশ একটি ‘সীমান্ত সুরক্ষা প্যাকেজ’ চুক্তি স্বাক্ষর করে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার বলেছেন, চুক্তিটি বুলগেরিয়া-তুরস্ক সীমান্তে যৌথ সীমান্ত রক্ষীদের মোতায়েন এবং স্থলপথে সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে, যা প্রাথমিকভাবে ছয় মাসের জন্য কার্যকর হবে।

শেঙেন অঞ্চল ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় সীমান্তমুক্ত ভ্রমণ এলাকা, যেখানে ৪০০ মিলিয়নেরও বেশি মানুষ মুক্তভাবে ভ্রমণ করতে পারে। শেঙেন অঞ্চলে এই দুটি দেশের যোগদানের মধ্যে একটি প্রতিবেদনে উঠে এসেছে, ব্রিটেনে ব্রেক্সিট ভোটারদের ৫৪ শতাংশ এখন তাদের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত এবং ইইউর একক বাজারে প্রবেশাধিকার পেতে সম্পূর্ণ মুক্ত চলাচল ফিরিয়ে আনতে রাজি। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইইউ-যুক্তরাজ্যের সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য এখন সঠিক সময়।

সূত্র: কালের কণ্ঠ