সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, স্থানীয় সময় গত রাত ৮টায় ইসরায়েলি হামলায় আল-কাহলুত পরিবারের মালিকানাধীন একটি বহুতল ভবন লক্ষ্যবস্তু করা হয়। এতে ২৫ জন নিহত হয়। এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, অন্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু।
ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাসাল আরো বলেন, ‘পর্যাপ্ত সহায়তা ছাড়া বসবাসকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’
গাজা উপত্যকার উত্তরাঞ্চল ইসরায়েলি সেনাবাহিনীর দুই মাসেরও বেশি সময় ধরে চালানো তীব্র সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস যোদ্ধারা সেখানে ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যা প্রতিহত করাই এই অভিযানের উদ্দেশ্য।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো নজিরবিহীন হামলার পর গাজায় এই যুদ্ধের সূচনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, সেই হামলায় এক হাজার ২০৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় কমপক্ষে ৪৪ হাজার ৭৮৬ জন নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
জাতিসংঘও এই তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।
সূত্র: কালের কণ্ঠ










