সিল্কসিটিনিউজ ডেস্ক:
বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ভাঙ্গারপাড় এলাকা থেকে আবির হাসান হিরা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।
বরিশাল সদর নৌ থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভাঙ্গারপাড় এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল আবির। ছবি তোলার সময়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নৌ পুলিশ যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের অদূরে নিখোঁজ ছাত্রের মরদেহ ভাসতে দেখা যায়। পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মদিনাবাগ এলাকার রাসেদ হাসানের ছেলে আবির হাসান হিরা। বন্ধুদের সঙ্গে দুপুর ১২টার দিকে ভাঙ্গারপাড় এলাকায় যায়। সাড়ে ১২টার দিকে নদীতে পড়ে যায়। দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।









