সব খবর

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিক্ষার্থীকে লাঞ্ছনাকে কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ করেছে। বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনাডাঙ্গা এলাকায় উত্তাজনা বিরাজ করছিল।

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ থেকে ‘রাজীব পরিবহনের’ একটি বাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। পরিবহণের সদস্যরা ওই শিক্ষার্থীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে দিয়ে তাকে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করে।

এ ঘটনা জানার পর তার সহপাঠীরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয়। সেখানে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের মারধর করে। এতে খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে শ্রমিকদের বিরুদ্ধে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় জড়ো হন। তারা শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি করেন। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশকয়েকটি যানবাহন ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকরা জানিয়েছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, যৌথবাহিনীসহ আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। এখানে অতিরিক্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।