সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চারদিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, নিহত ২

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
চারদিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। এমনকি গত ২৪ ঘণ্টাতেও হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন।

লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন-ভিত্তিক আরবি সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়।

এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরাইলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে।

আরবি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কেবল শনিবারেই ইসরাইলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-তে।

এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল- বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন কার্যক্রম, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আইতারুন, বিনত জবাইল এবং আল-মুতাইত অঞ্চল।

আল-আরবি আল-জাদিদ জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুজন লেবাননি নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে। যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল।

তবে ইসরাইলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: যুগান্তর