খেলা

দ্রাবিড়ের সাথে ছবি নিয়ে নস্টালজিক কোহলি!

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

কিংস্টনে ছিল বৃষ্টির দাপট। খেলা হচ্ছে না। বিরক্তিকর ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সময় কাটে। সেখানে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিয়মিত। নানা কিছু শেয়ার করেন। এবার আইডল রাহুল দ্রাবিড়ের সাথে ১০ বছরের ব্যবধানে তোলা দুটি ছবি পোস্ট করে নস্টালজিক হলেন কোহলি।

একটি ছবিতে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটার দ্রাবিড়কে দেখা যাচ্ছে। সেটি ১০ বছর আগের। তার সাথে কয়েকজন অল্প বয়সী ক্রিকেটার। তাদেরই একজন কোহলি। লাজুক লাজুক চেহারা। দ্রাবিড়ের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন বুঝি! অন্য ছবিটা সাম্প্রতিক অতীতের। ভারত অধিনায়ক হিসেবে দেশের মাটিতে টেস্টের সময় ধারাভাষ্যকার-টেলিভিশন বিশ্লেষক দ্রাবিড়কে সাক্ষাৎকার দিচ্ছেন কোহলি। স্বপ্ন তাড়া করে ফিরলে তা সত্যি হয়। এমনটি মানেন কোহলি।

টুইটারে এই দুই ছবি পোস্ট করে কোহলি লিখেছেন তার অনুভূতি, “এই ধরণের মুহূর্ত আপনার বিশ্বাস বাড়াতে সহায়তা করে। আর এখন যেখানে সে জন্য কৃতজ্ঞতা অনুভব করায়। একটা শিশু হিসেবে একসময় এই লিজেন্ডের চোখে চোখ রাখার চেষ্টা করছিলাম।

আরেক সময়ে ভারতের পক্ষে টেস্ট ক্রিকেট খেলতে গিয়েই সেই একই লিজেন্ডকে সাক্ষাৎকার দিচ্ছি। আমার মনে হয় স্বপ্ন সত্যি হয়। আপনাকে শুধু নিজের ওপর বিশ্বাসটাই রাখতে হবে।”

দ্রাবিড় ছিলেন ‘দ্য ওয়াল’। ভারতের ক্রিকেটের স্তম্ভ। আর এখন ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় স্তম্ভটি কোহলি। ২৭ বছরের এই ব্যাটসম্যান বুঝি জীবনের সেরা ফর্মে আছেন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

কোহলি এখন শুধু ভারতেই না, সারা বিশ্বের উঠতি ক্রিকেটারদের প্রেরণার নাম। তার পোস্ট করা ভিন্ন সময়ের দুটি ছবি নিশ্চয়ই সেইসব প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের আরো স্বপ্ন দেখাতে সহায়তা করবে।

সূত্র: কালের কণ্ঠ