সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দিল্লির নিজামুদ্দিন দরগার দুই সুফি নিখোঁজ পাকিস্তানে

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
দিল্লির নিজামুদ্দিন দরগার দুই সুফি নিখোঁজ পাকিস্তানে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিল্লির সুপরিচিত হজরত নিজামুদ্দিন দরগার প্রধান খাদেম সহ দুই সুফি সাধক পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন।

এই তথ্য নিজেই টুইট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

 

তাঁদের খুঁজে বের করার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

পাকিস্তান সরকারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন যে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে তারা এই দুজনের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জেনেছেন।

 

এ ব্যাপারে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

 

হজরত নিজামুদ্দিন দরগার প্রধান মওলানা সৈয়দ আসিফ আলি নিজামি আর তাঁর ভাইয়ের ছেলে নাজিম নিজামি পাকিস্তানে গিয়েছিলেন সেখানকার কয়েকটি দরগায় চাদর চড়াতে আর কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করতে।

 

মি. নিজামির পুত্র সাজিদ আলি নিজামি সংবাদসংস্থাকে জানিয়েছেন “প্রথমে করাচি থেকে লাহোরে গিয়ে বাবা ফরিদের দরগায় আর তারপরে আরেকটি সুফি দরগা দাতা দরবারে চাদর চড়ান। সেখান থেকে লাহোর বিমানবন্দরে গিয়েছিলেন করাচির বিমান ধরার জন্য।

 

“কর্মকর্তারা কিছু নথিপত্র পরীক্ষার জন্য আমার ভাইকে আটকান সেখানে, আর বাবাকে বিমানে চড়তে বলা হয়। তারপর থেকেই আর খোঁজ নেই। দুজনের মোবাইল ফোনও বন্ধ” – জানান সাজিদ নিজামি।

 

পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর এ ব্যাপারে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও সংবাদসংস্থাকে জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা