জাতীয়

জুলাই মাসে ৩৭০ নারী-শিশু নির্যাতনের শিকার

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছরের জুলাই মাসে ৩৭০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮০টি।

 

মঙ্গলবার (০২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০১৬ সালের জুলাই মাসে ৩৭০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে ৮০টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে।

 

এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৮ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ২ জন। এসিডদগ্ধ হয়েছে ২ জন, অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ৫টি। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।

 

সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নারী ধর্ষণ, এসিডদগ্ধের পাশাপাশি নারী ও শিশু অপহরণের ঘটনা ঘটেছে ১১টি। নারী ও শিশু পাচার হয়েছে ২ জন, এর মধ্যে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে ১ জনকে। বিভিন্ন কারণে ৭০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

 

এছাড়া ২ জন গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে হত্যা করা হয়েছে ১ জনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ৩৮ জন। এ কারণে হত্যা করা হয়েছে ১৫ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৩০ নারীকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ২৮ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আত্মহত্যার চেষ্টা করেছেন ২ জন।

 
১৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ের শিকার হয়েছে ১১ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩২ জনকে। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ১ টি। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। এছাড়া ১৫ টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ